
আনারুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের দায়ে দুই যুবককে এক মাস করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার আশ্রয়ণ প্রকল্পে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. রাশেদুল ইসলাম (২১) ও আলাল মিয়া (২৮)। রাশেদুল ইসলাম দক্ষিণপাড়া আবাসন প্রকল্পের এবং আলাল মিয়া পৌরসভার পশ্চিম উত্তরাইল এলাকার স্থায়ী বাসিন্দা।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্পে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান এবং ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামানসহ পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জনস্বার্থে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।