
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে তালা মার্কার স্বতন্ত্র প্রার্থী আলহাজ এজেডএম রেজওয়ানুল হক তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, কয়লা ও পাথর খনিতে স্থানীয় বেকারদের চাকরির সুযোগ, কৃষি উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ১৪ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নিজ বাসভবনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে ইশতেহার পাঠ করেন।
ইশতেহারে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তির প্রসারের মাধ্যমে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও আলেম-উলামাদের সম্মান ও আর্থিক সুবিধা নিশ্চিতকরণ, ধর্মীয় শিক্ষার সম্প্রসারণ এবং যুগোপযোগী সড়ক-জনপথ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
তিনি বলেন, পার্বতীপুর ও ফুলবাড়ী পৌর এলাকার বহু ঘরবাড়ি, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের মালিকানা সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ব্রিটিশ আমলের পার্বতীপুর ও ফুলবাড়ী রেলস্টেশন আধুনিকায়ন, পরিত্যক্ত রেলওয়ে ভবন সংস্কার এবং ভূমি অফিসসহ সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি।
ইশতেহারে আরও উল্লেখ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে সরকারি ব্যবস্থাপনায় আনা, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন চিকিৎসা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা হবে। একই সঙ্গে মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠন, শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, এতিম-দুস্থ ও অক্ষম ব্যক্তিদের পুনর্বাসন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
ইশতেহার ঘোষণার পর প্রার্থী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।