
স্টাফ রিপোর্টারঃ মোঃ আরিফ হোসেন
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু শুক্রবার (৩ এপ্রিল) বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নে দোয়ালিয়া-দেবীপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী কোনো দখলদার, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বিএনপি করার অধিকার রাখে না। তাই এ ধরনের লোক বিএনপিতে থাকতে পারবে না।
স্থানীয় নেতাকর্মীদের সতর্ক করে বরকত উল্লাহ বুলু বলেন, ছয়ানী এলাকায় মাদক ব্যবসা, দখলদারী, টেম্পু স্ট্যান্ড দখল ও চাঁদাবাজিসহ নানা অসামাজিক কার্যকলাপ চলছে। এসব বিষয়ে অভিযোগ প্রাপ্ত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ক্ষমতা পাওয়ার দুই দিনের মধ্যে ২০ হাজার বর্গকিলোমিটার খাল খনন এবং ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন। এর অংশ হিসেবে এই খাল খনন করা হচ্ছে। এতে এলাকার মানুষ উপকৃত হবে, পানির ব্যবস্থা উন্নত হবে, কৃষি ও মাছ উৎপাদন বাড়বে এবং খালের পাড়ে বনায়ন করা হবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে বুলু বলেন, তিনি স্বেচ্ছাশ্রমে খাল খনন করে কোটি মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। তার পুত্র তারেক রহমানও খাল খননে অংশ নিয়েছেন। তিনি বলেন, বিগত ১৭ বছরের তথাকথিত উন্নয়নের মতো এই কর্মসূচি ভেস্তে দেওয়া যাবে না।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বরিউল হাসান পলাশ প্রমুখ।