তাড়াইলে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ফরহাদ হোসেন রাজ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় খেলাফত মজলিসের উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৩টায় উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আলহাজ্ব হাফেজ মারুফ বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হাফেজ মাওলানা এমদাদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান।
অনুষ্ঠানটি শুরু হয় ইসলামী ছাত্র মজলিস ডিকিওএম শাখার ছাত্র কল্যাণ সম্পাদক হাফেজ মাহিউদ্দিন মারুফের কুরআন তিলাওয়াতের মাধ্যমে। পরে ইসলামী ছাত্র মজলিস ডিকিওএম শাখার সেক্রেটারি হাফেজ আসীকুল ইসলাম ফুয়াদ ও বায়তুলমাল সম্পাদক হাফেজ ইফতেখার মাহমুদের যৌথ কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়।
স্বাগত বক্তব্য দেন উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা কুতুব উদ্দিন। উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরেন এবং আগামীর তাড়াইল উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আলেম-উলামা ও ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে একক প্রার্থী নির্ধারণে খেলাফত মজলিসের ভূমিকা ও করণীয় বিষয়েও আলোকপাত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম খান, ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আলী এমদাদ খান নাজমুল, উলামা বিষয়ক সম্পাদক মুফতি আরিফ বিল্লাহ কাসেমী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সোহাইল আহমাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।