
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন মাইজদী হাসপাতাল রোড এলাকায় ডাক্তার দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রির সময় এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার (৮ মার্চ ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে মাইজদী হাসপাতাল রোডের মেট্রো হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্রেতা সেজে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইয়াবা বিক্রির সময় ওই নারীকে হাতেনাতে আটক করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ডাক্তার দেখাতে আসা রোগী ও পথচারীদের টার্গেট করে গোপনে ইয়াবা বিক্রি করে আসছিলেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে চিহ্নিত করা হয়। পরে পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নারীর কাছ থেকে বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, হাসপাতাল এলাকার মতো সংবেদনশীল স্থানে মাদক ব্যবসা চালানো অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি কঠোরভাবে দমনে প্রশাসনের আরও নজরদারি প্রয়োজন।