
মোঃ মারুফ হোসেন, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মোতায়েনকৃত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঝিনাইগাতী আদর্শ মহিলা কলেজে স্থাপিত বিজিবির অস্থায়ী বেইজ ক্যাম্পে উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও বিজিবি কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. কামরুল হাসান, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, র্যাব-১৪ সিপিসি-১ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেকসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে জননিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।