
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকার দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা হাজিরালী মহিলা কলেজ মোড় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মিশাল ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের এমদাদুলের ছেলে। জানা গেছে, তিনি নিজ বাড়ি থেকে শশুরবাড়ি বেনেয়ালী জফরনগর গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিশ্বাস ফিলিং স্টেশনের অদূরে পৌঁছালে মিশালের ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৯-৯২২৯) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মেহগনি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তার স্ত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বাবু নয়ন চৌধুরী জানান, দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। আহত নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।