
সুনামগঞ্জ, জগন্নাথপুর: জগন্নাথপুর উপজেলার হবিবনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষ্ণ (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করা কৃষ্ণ আব্দুল বারিকের বাড়ির পেছনে প্রস্রাব করতে গিয়ে ঘরের সার্ভিস লাইনের বিদ্যুতের তারে অসাবধানতাবশত হাত লেগে গুরুতর আহত হন।
বাড়ির মালিক আব্দুল বারিক ও তার আত্মীয় সাজাদ মিয়াসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল ৩টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক দীপঙ্কর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। নিহত কৃষ্ণের স্থায়ী ঠিকানা এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয়রা তাকে ‘পাগল’ হিসেবে চিনতেন।