জগন্নাথপুরে গরুর বিরোধে সংঘর্ষ, ১৭টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর (শাসনহবি) এলাকায় গরুর মালিকানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াউর খাঁন ও আবরু মিয়ার মধ্যে একটি গরুকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের পর রাত সাড়ে ১১টা থেকে ১টার মধ্যে একদল লোক বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ঘরের দরজা ভেঙে আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অন্তত ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে স্থানীয় এক সালিশি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।