
এস. এম. সোলায়মান গনি
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে কালবৈশাখী ঝড়ের সময় নৌকার ধাক্কায় মিন্টু মিয়া (৩৮) নামে এক নৌকার মালিক নিহত হয়েছেন। একই ঘটনায় ফরিদ হোসেন (৩২) নামে আরেক নৌকার মালিক নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কড়াইবরিশাল ইউনিয়নের গাজীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বাতাসসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ব্রহ্মপুত্র নদের ঘাটে বাঁধা নিজেদের নৌকা দেখতে যান মিন্টু মিয়া ও ফরিদ হোসেন। ঝড়ের তীব্রতায় ঘাটে বাঁধা একটি নৌকার দড়ি ছিঁড়ে গিয়ে সেটি মিন্টু মিয়ার শরীরের ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে ঝড়ের মধ্যে ভারসাম্য হারিয়ে ফরিদ হোসেন ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ হন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আঙ্গুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল ৯টার দিকে নিহত মিন্টু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। নিখোঁজ ফরিদ হোসেনকে উদ্ধারে স্বজন ও এলাকাবাসী নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে চিলমারী মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক আসমা আক্তার বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।