
স্টাফ রিপোর্টার, উথোয়াই খৈ রাখাইন (চট্টগ্রাম):
চট্টগ্রামের সীতাকুন্ড মডেল থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
গত ৯ মার্চ, সোমবার ভোররাত থেকে প্রায় ৪,০০০ সদস্যবিশিষ্ট যৌথ বাহিনী দুর্গম ও পাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে ২২ জন সন্ত্রাসীকে আটক করে। অভিযানে একটি বিদেশী পিস্তল, একটি দেশীয় পিস্তল, এলজি, ২৭টি পাইপগান, ৩০টি পিস্তলের ম্যাগাজিন, ৫৭টি অস্ত্র তৈরির পাইপ, ৬১টি কার্তুজ, ১১১৩ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ১১টি ককটেল বিস্ফোরক এবং পাইপগান তৈরির লেদ মেশিনসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
সঙ্গে সঙ্গে ১৯টি সিসি ক্যামেরা, তিনটি ডিভিআর, একটি পাওয়ার বক্স এবং দুইটি বাইনোকুলারও জব্দ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকা সন্ত্রাসী ও অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার হয়ে আসছিল। সম্প্রতি ওই এলাকায় অভিযানের সময় একজন র্যাব সদস্য নিহত হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এই বিশেষ অভিযান চালানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধীদের দমন এবং এলাকায় স্থায়ীভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।