
মুহঃ কাওসার আলী
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশু শরীফা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার বাংগাবাড়ি তেলিপাড়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করে বাংগাবাড়ি দাড়িপাতা নূরানি মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। নিহত শরীফা ওই নূরানি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদ্রাসার সহ-সভাপতি তোফাজ্জল হক। বক্তব্য রাখেন বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাংগাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, জামায়াতে ইসলামীর নেতা ডা. আবদুল গনি, ইউপি সদস্য তরিকুল ইসলাম, বিএনপি নেতা মেসবাহুল হক বুলেট, মুনিরুল ইসলাম, আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন এবং দাড়িপাতা নূরানি মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, শিশু হত্যার মতো নৃশংস ঘটনার সঙ্গে জড়িত আসামিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি হস্তান্তর করে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, রোববার উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে নিখোঁজ শিশু শরীফার মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, গত শুক্রবার সে তার নানার সঙ্গে আলিনগর মক্রমপুরে দাওয়াতে ফুফুর বাড়িতে যায়। সেখানে তার দুলাভাই তাকে হত্যা করে ধানক্ষেতে মরদেহ ফেলে রাখে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক আওয়াল জানান, লাশের সুরতহাল প্রতিবেদনে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক আসামি অন্তর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলেও তিনি জানান।