
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
রাজধানীর যানজট নিরসন ও সড়ক–ফুটপাত দখলমুক্ত রাখতে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার গুলিস্তান এলাকার জিপিও লিংক রোডে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বায়তুল মোকাররম মার্কেট-এর দক্ষিণ পাশের জিপিও লিংক রোডের উভয় পাশের সড়ক ও ফুটপাত থেকে হকার ও অস্থায়ী দোকান সরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়ক ও ফুটপাত দখল হয়ে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ শেষে সড়কটি পুনরায় সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
অভিযান শেষে ডিএসসিসির পক্ষ থেকে নগরবাসীর উদ্দেশ্যে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, ডিএসসিসির আওতাধীন কোনো শপিং মল বা মার্কেটের সামনের ফুটপাতে মালামাল রাখা যাবে না। দখলদারদের নিজ উদ্যোগে দ্রুত মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে জেল-জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএসসিসি জানিয়েছে, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার এ কার্যক্রম সাময়িক নয়; নিয়মিত তদারকির মাধ্যমে তা অব্যাহত থাকবে। উচ্ছেদকৃত স্থানে পুনরায় দখল ঠেকাতে পুলিশি টহলও জোরদার করা হচ্ছে।