
জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা
গাজীপুর সদর উপজেলায় নিখোঁজ হওয়া ১৪ বছর বয়সী মাদ্রাসা ছাত্র মাহবুবের অগ্নিদগ্ধ মরদেহ শনিবার (২৮ ফেব্রুয়ারি) উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহবুব তারাবির নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।
মরদেহটি ভবানীপুর এলাকার খুরশীদিয়া মারকাযুল উলুম ক্বওমী মাদরাসা সংলগ্ন একটি লিচুবাগান থেকে উদ্ধার করা হয়। নিহতের পরিবার স্থানীয় মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। মাহবুব ওই মাদ্রাসার নাজেরানা বিভাগের ছাত্র ছিলেন। তাদের স্থায়ী বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নামাজ পড়তে বাসা থেকে বের হওয়া মাহবুব রাত ৯টার পরও ফেরেননি। সকালেই স্থানীয়রা ঝলসানো এক কিশোরের মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে শরীরে আগুন ধরিয়েছে। পুলিশ হত্যাকারী এবং হত্যার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।