
সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে উদ্ধার হওয়া টাকার গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। শুরুতে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ৫০ লাখ টাকা বলে জানা গেলেও পরে গণনা শেষে প্রকৃত অঙ্ক ৭৪ লাখ বলে নিশ্চিত করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এ তথ্য জানান। তিনি বলেন, বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের সময় জেলা জামায়াতের আমিরকে আটক করা হয় এবং গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।
এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানান, দেশের অভ্যন্তরীণ রুটে যেকোনো পরিমাণ নগদ অর্থ বহনে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই। সৈয়দপুরে আটক নেতার সঙ্গে থাকা অর্থের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষকে অবগত করা হলে তারা এতে অনাপত্তি জানিয়েছিলেন।
অন্যদিকে আটকের ঘটনাকে ‘নাটক’ দাবি করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান ব্যবসায়িক অর্থ বহন করছিলেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে আটক করা হয়েছে এবং যথাসময়ে টাকার উৎসের প্রমাণ উপস্থাপন করা হবে বলেও তিনি জানান। তিনি আরও দাবি করেন, ঢাকা বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল থেকে নিরাপত্তা কর্মকর্তাদের দেওয়া অনাপত্তিপত্র থাকা সত্ত্বেও সৈয়দপুরে পৌঁছানোর পর তাকে আটক ও হয়রানি করা হয়েছে।