
কুষ্টিয়া, খোকসা – জুবায়ের খান প্রান্ত
কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন চার শিশুর মধ্যে দুই। রোববার সকাল ৯টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাইবা (৭) নামে একজন শিশুর মরদেহ উদ্ধার করেছে। অপর শিশু সুরাইয়া (৮) এখনো নিখোঁজ রয়েছে।
ঘটনাটি ঘটেছিল শনিবার দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায়, যখন চার শিশু নদীর মাঝনদীর জেগে ওঠা চরের দিকে যাচ্ছিল। খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা সামিয়া ও সুমাইয়াকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
নিখোঁজ শিশুর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছেন। নদীর তীরে স্বজন ও এলাকাবাসি উদ্ধারে সহায়তা করছেন। নিহত তাইবা ও নিখোঁজ সুরাইয়া উভয়েই ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রওশন আলী জানান, উদ্ধারের কাজ এখনও অব্যাহত রয়েছে।