কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত
জুবায়ের খান প্রান্ত, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে সাগর (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মাদক নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
রোববার (৮ মার্চ) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাগর চৌড়হাস এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাগরের সঙ্গে স্থানীয় কয়েকজনের দ্বন্দ্ব চলছিল। এর জেরে রোববার দুপুরে চৌড়হাস এলাকায় স্থানীয় মাদকসেবী ভিকি, প্রবাল ও হৃদয় দেশীয় অস্ত্র নিয়ে সাগরের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা সাগরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।













