
বিধান চন্দ্র রায়
কাহারোল উপজেলা প্রতিনিধি ::
দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের মুটুনি হাট ইশানপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রবিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন মো. আলহাজ্ব জাহেদ আলী।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. মনজুরুল ইসলাম বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণকে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খালেকুজ্জামান বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. শামীমা পারভীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।