কালিয়াকৈরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শাহরিয়া নাজীম
কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মিথ্যা, ভিত্তিহীন ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে কালিয়াকৈর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলহাজ্ব মোঃ আকতার হোসেন। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
তিনি বলেন, গত ২৯ মার্চ চন্দ্রা কলেজের কিছু শিক্ষক শিক্ষার্থীদের ভুল তথ্য দিয়ে তার বিরুদ্ধে অন্যায়ভাবে মানববন্ধন করেছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি।
লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, ১৯৮৭ সালে সরকার তার নামে ৯৯ বছরের জন্য একটি পাম্প স্থাপনের লিজ প্রদান করে। পরবর্তীতে ১৯৯১ সালে সড়ক ও জনপথ বিভাগ ৯৭৮/৯১ নম্বর দলিলের মাধ্যমে জমিটি রেজিস্ট্রি করে দেয়। এর ধারাবাহিকতায় তিনি ‘মেসার্স চন্দ্রা ফিলিং স্টেশন’ প্রতিষ্ঠা করে পরিচালনা করে আসছিলেন।
তিনি জানান, ২০১৬ সালে মহাসড়ক চার লেনে উন্নীত করার সময় তার ফিলিং স্টেশনটি ভেঙে ফেলা হয়। পরে পুনঃস্থাপনের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একই মৌজার (ডাইনকিনি) একই দাগের সমপরিমাণ জমি নির্ধারণ করে দেয়। সেখানে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে জমি ভরাট করেন তিনি।
অভিযোগ করে তিনি বলেন, পরবর্তীতে পাম্পের কাজ শুরু করতে গেলে চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের প্রিন্সিপাল ও আওয়ামী লীগ নেতা আঃ রাজ্জাকের নেতৃত্বে কয়েকজন শিক্ষক তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে প্রয়াত শিক্ষক মরহুম আবু সাঈদ তাকে রক্ষা করেন।
তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে সেলিম, পলাশ ও শাহজাহানসহ কয়েকজন তাকে পুনরায় মারধরের চেষ্টা করলে তিনি বাধ্য হয়ে আইনের আশ্রয় নেন। বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।