
মুহাম্মদ সোলায়মান গনি, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ও বুড়াবুড়ি ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে দুই ভাটাকে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়েছে।
তবকপুর ইউনিয়নের এইচ বি ইউ ব্রিকস লিমিটেড-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩-এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ২,০০,০০০ টাকা জরিমানা করা হয়। লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ভাটা পরিচালনার কারণে ভাটার স্থাপনাগুলো ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিদ্যুৎ সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।
একই দিনে বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাট এলাকায় অবৈধ আরেকটি ইটভাটাকে আইন লঙ্ঘনের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। লাইসেন্স না থাকায় ভাটার চিমনি ওয়াল ভেঙে ফেলা হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।