
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের সালথা উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬। এ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন। পরে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিরা বিজ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
বক্তারা বলেন, উন্নত, সমৃদ্ধ ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত এমন কার্যক্রম আয়োজনের প্রয়োজনীয়তার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এবারের বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুনিয়র বিভাগে ১০টি এবং সিনিয়র বিভাগে ৩টিসহ মোট ১৩টি স্টল অংশ নেয়। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে। এসব প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।
মেলা উপলক্ষে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দেয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা আরও বিকশিত হবে।