
নিজস্ব প্রতিবেদক, বরিশাল।
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কবির মিয়া ওরফে ‘ছব্দের কবির’ ও তার সহযোগীদের কর্মকাণ্ডে উত্তর সাতলাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ কার্যত জিম্মি হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কবির মিয়া (পিতা: লোবান মিয়া) দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা ব্যবসার একটি সিন্ডিকেট পরিচালনা করে আসছেন। অভিযোগ রয়েছে, তিনি কৌশলে কিশোর ও স্কুলগামী শিক্ষার্থীদের মাদকের সঙ্গে সম্পৃক্ত করছেন, যা ওই অঞ্চলের তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
অনুসন্ধানে আরও জানা গেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি অতীতে একটি সংগঠনের স্থানীয় পর্যায়ের পদে থেকে এলাকায় আধিপত্য বিস্তার করেন। সাম্প্রতিক সময়েও তিনি সক্রিয় হয়ে মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি, জমি দখল ও মাছের ঘের দখলের মতো কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, কবির মিয়ার বিরুদ্ধে মাদক, সহিংসতা ও জবরদখলসহ একাধিক মামলা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক সাতলার এক বাসিন্দা বলেন,
“কবির ও তার সহযোগীদের ভয়ে আমরা সবসময় আতঙ্কে থাকি। কেউ প্রতিবাদ করলে তাকে মারধর ও বিভিন্নভাবে হয়রানির হুমকি দেওয়া হয়।”
এ বিষয়ে উজিরপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এলাকাবাসীর দাবি—দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করা হোক, যাতে নতুন প্রজন্ম নিরাপদে বেড়ে উঠতে পারে।