
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকভর্তি বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক ট্রাক আটক করে তল্লাশি করা হয়।
তল্লাশি চালিয়ে ট্রাকের পেছনে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৬টি বৈদ্যুতিক মালিং তারের ভাঙা কয়েল, ৪২টি বৈদ্যুতিক করসাম, ১টি কয়েল (ব্যারেল) বৈদ্যুতিক টানা তার, ৫০টি বৈদ্যুতিক টানা প্লেট, ৫০টি বৈদ্যুতিক টানা রড এবং একটি ছোট বস্তাভর্তি মালিং তারের টুকরা। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।
এ সময় ট্রাক থেকে ৩টি স্মার্ট মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শরিফুল ইসলাম ওরফে রবিন (২৬), মো. আসাদুজ্জামান (৪৪) এবং মো. সোহান (২১)। তাদের বাড়ি খুলনা জেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত আসাদুজ্জামানের বিরুদ্ধে পূর্বে একটি চুরির মামলা রয়েছে।
উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।