
মো: হৃদয় চৌধুরী
বান্দরবান জেলা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি সকাল ১০:৩০ ঘটিকায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে নব যোগদানকৃত চিকিৎসকদের বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানা-র অফিসার ইনচার্জ জনাব আলমগীর হোসেন শাহ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, নার্সিং সুপারভাইজার এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে চারজন নবাগত চিকিৎসককে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
বক্তারা বলেন, নতুন চিকিৎসকদের আগমনে হাসপাতালের চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হবে এবং সাধারণ মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে। তারা মানবিক ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে রোগীদের সেবা প্রদানের আহ্বান জানান।
নব যোগদানকৃত চিকিৎসকরা তাদের বক্তব্যে বলেন, তারা আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং হাসপাতালের সার্বিক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।