
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে প্রেসক্লাবের সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী মোঃ আলী আজগর ইমন, কোষাধ্যক্ষ মিসলুর রহমান, মহিলা সম্পাদিকা মোছাঃ কলি বেগম, সদস্য মানবাধিকার কর্মী মোঃ তৈবুর রহমান, মানবাধিকার কর্মী শাহ্ ফুজায়েল আহমদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন জগন্নাথপুর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণে নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার সম্মান সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ উল্লেখ করেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু শোকের নয়, গৌরবেরও দিন। ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমাধ্যমকর্মীরা সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হয় এবং নতুন প্রজন্মের কাছে ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।