আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক
জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন মোহাম্মদ কয়ছর আহমদ, সংসদ সদস্য, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ খালেদ সাইফুল্লাহ, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কাউসার আহমেদ, জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবু হোরায়রা ছাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জেলা বিএনপির সদস্য আবদুল মুকিতসহ অন্যান্য কর্মকর্তারা।
পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর থানা, জগন্নাথপুর পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জগন্নাথপুর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। তিনি ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম জুবায়ের আহমদ।
একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার মর্যাদা ও দেশপ্রেম জাগ্রত করার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।













