
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: রাসেল
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলাকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও উন্নত মডেল উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন তরুণ সমাজসেবক ও শিক্ষানবিশ আইনজীবী সিদ্দিকুর অভি। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থেকে সাধারণ মানুষের পাশে কাজ করে যাচ্ছেন।
স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত মুখ। রাজনৈতিক জীবনেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। সিদ্দিকুর অভি আজমিরীগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় ত্যাগ, নির্যাতন ও নানা বাধা-বিপত্তির মুখোমুখি হলেও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার থেকে তিনি পিছিয়ে যাননি।
সিদ্দিকুর অভি মনে করেন, পরিকল্পিত উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে আজমিরীগঞ্জকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় পরিণত করা সম্ভব। তিনি একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তার পরিকল্পনার মধ্যে রয়েছে আজমিরীগঞ্জে আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় শিক্ষা সহায়তা প্রদান। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং একটি কার্যকর কেয়ার সার্ভিস চালুর কথাও জানিয়েছেন তিনি।
অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও রয়েছে তার নানা পরিকল্পনা। আজমিরীগঞ্জের নদীর তীর ঘিরে দৃষ্টিনন্দন পার্ক নির্মাণ, গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্ত ও সংস্কার, রাস্তার পাশে ফল ও ফুলের গাছ লাগানো এবং প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
এছাড়াও উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে ল্যাম্পপোস্ট স্থাপন এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিভিন্ন সড়ক সংস্কারের পরিকল্পনার কথাও তুলে ধরেন সিদ্দিকুর অভি।
সিদ্দিকুর অভি বলেন,
“আজমিরীগঞ্জ আমার প্রিয় উপজেলা। এই উপজেলার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি একটি আধুনিক, সুন্দর ও উন্নত আজমিরীগঞ্জ গড়ে তুলতে চাই। মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”
এলাকার সচেতন মহলের মতে, তরুণ ও উদ্যমী সমাজসেবক সিদ্দিকুর অভি নেতৃত্বের সুযোগ পেলে ভবিষ্যতে আজমিরীগঞ্জ উপজেলার উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।