
জামরুল ইসলাম রেজা
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সামাজিক ও মানবিক সংগঠন SPARK Youth for Change-এর উদ্যোগে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “SPARK Free Health Campaign” শীর্ষক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প।
এ স্বাস্থ্য ক্যাম্পে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এর মধ্যে ছিল— ব্লাড গ্রুপ নির্ণয় (সার্টিফিকেটসহ), ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ। ক্যাম্পে এলাকার ২৩৪ জনেরও বেশি মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
স্বাস্থ্যসেবা প্রদান করেন ডা. মোঃ মাজহারুজ্জামান খান এবং ডা. এমরান নাযির মারুফ, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (অনারারী), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাতক।
বর্তমানে কঠালপুর, উলুরগাঁও, রংপুর, চাঁনপুর ও বড়গল্লা এলাকার সচেতন তরুণদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক হিসেবে উল্লেখ করেছেন। তারা জানান, গ্রামের সাধারণ মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা অত্যন্ত উপকারী, বিশেষ করে যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে এলাকার স্বাস্থ্যসচেতনতা আরও বাড়বে বলেও তারা আশা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, পিছিয়ে পড়া এলাকাগুলোতে মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়েই তাদের এই উদ্যোগ। সংগঠনটি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছে এবং সমাজ উন্নয়নে আগ্রহী ব্যক্তিদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
তারা আরও জানান, এটি তাদের প্রথম বৃহৎ পরিসরের জনসেবামূলক কার্যক্রম, যা স্থানীয় জনগণের ব্যাপক সাড়া ও সহযোগিতা পেয়েছে এবং ভবিষ্যতে আরও বড় উদ্যোগ গ্রহণে অনুপ্রেরণা জুগিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ, মেডিকেল টিম এবং সকল স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।