
মোঃ সিয়াম হোসেন (প্রীতম), কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় গরুর কাঁচা রক্ত ব্যবহার করে ভেজাল মাংস বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কসাইখানার এক কর্মী নিয়মিতভাবে বিভিন্ন দোকান থেকে গরুর রক্ত সংগ্রহ করে বোতলজাত করে বাজারে সরবরাহ করেন।
অভিযোগ অনুযায়ী, কিছু দোকান ফ্রিজে রাখা পুরনো মাংসে এসব রক্ত মিশিয়ে নতুন মাংস হিসেবে বিক্রি করছে। এতে ক্রেতারা মনে করেন মাংসটি সদ্য কাটা, অথচ আসলে তা কয়েকদিনের পুরনো হতে পারে। বিষয়টি স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি প্রতারণার শামিল বলেও মনে করছেন সচেতন মহল।
স্থানীয়রা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে— মাংস কেনার আগে যাচাই-বাছাই করে সচেতনভাবে ক্রয় করার জন্য।