দুর্গাপুরে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২ জন
আনারুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসদৃশ মাদক ‘ফেয়ারডিল’সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান। এর আগে একই দিন ভোরে পৌর শহরের বুরুঙ্গা ভাঙা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন— দুর্গাপুর উপজেলার চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. নাসির উদ্দিন (২৮) এবং একই গ্রামের তারা মিয়ার ছেলে মো. আলী আকবর (২৫)।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বুরুঙ্গা ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা চারটি বস্তা থেকে ৬০০ বোতল ভারতীয় মাদক ‘ফেয়ারডিল’ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সঙ্গে আরও বড় একটি চক্র জড়িত রয়েছে। তারা এসব মাদক দুর্গাপুর থেকে ময়মনসিংহসহ ঢাকার বিভিন্ন এলাকায় পাচার করছিল।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।