
মো: রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার
বগুড়া শহরের রাজাবাজারে খোলা (লুজ) ও বোতলজাত সয়াবিন তেলের ওপর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র্যাব-১২ ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে বাজারে সয়াবিন তেলের মজুদ পরিস্থিতি, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত দামে তেল বিক্রি হচ্ছে কিনা—এসব বিষয় তদারকি করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় চারটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স এ কে ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রির অপরাধে মেসার্স মন্ডল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এভাবে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে ব্যবসায়ীদের সয়াবিন তেলের অতিরিক্ত মজুদ না করে বাজার স্বাভাবিক রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে র্যাব-১২ ও জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।