জগন্নাথপুরে ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা ও দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত
কয়েছ আহমদ, বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভবেরবাজারে ক্লাসিক চেস ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান ও ১৫তম সাপ্তাহিক দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ও শিক্ষানুরাগী সফিক শাহ’র পৃষ্ঠপোষকতায় ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের কার্যকরী কমিটির সভাপতি মোঃ খালিক মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও ক্লাবের প্রতিষ্ঠাতা শাহ্ মাহফুজুল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব শাহ্ মোঃ নূরুল করিম। প্রধান বক্তা ছিলেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী আলী আছগর ইমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ্ ফুজায়েল আহমদ, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জামাল উদ্দিন বেলাল, হাজী মোঃ নাজিম উদ্দিন, আব্দুল ওয়াহাব, প্রভাষক জাহিদ হাসান, ব্যবসায়ী শাহজাহান মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ক্রীড়াচর্চা—বিশেষ করে দাবা—যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা ক্লাসিক চেস ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। বক্তারা আরও উল্লেখ করেন, ক্লাবের প্রতিষ্ঠাতা শাহ্ মাহফুজুল করিম দেশের ৬৪ জেলায় গুণীজনদের খুঁজে বের করে সম্মাননা প্রদানের মাধ্যমে ব্যতিক্রমী উদ্যোগ চালিয়ে যাচ্ছেন।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইরাক প্রবাসী সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আবুল হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গীতিকার ফিরোজ চৌধুরী, সাংবাদিক বাবুল দাস, সংবাদকর্মী মোঃ সুজন মিয়া, ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ, মোঃ আব্দুর রব ওসমানী, মোঃ শামসুন্নুর, মোঃ সোহেল আহমেদ, মোঃ মঈনউদ্দিন আহমেদ, তাজুল মিয়া, শাহবাজ মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত ১৫তম সাপ্তাহিক দাবা টুর্নামেন্টে শাহ্ মাহফুজুল করিম প্রথম, মিরাজ উদ্দিন দ্বিতীয়, জসিম উদ্দিন তৃতীয় এবং শিব্বির আহমেদ চতুর্থ স্থান অর্জন করেন।
এ সময় ক্লাবের পক্ষ থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী সফিক শাহ ও সমাজসেবক আবুল হোসেন ভূঁইয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া আগামী ১৭ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় ক্লাসিক চেস ক্লাবের ১৬তম সাপ্তাহিক দাবা টুর্নামেন্ট ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।