
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || আমার সকাল ২৪।
নোয়াখালীর চাটখিলে বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক সন্ত্রাসী হামলায় যুবদল নেতা ফয়েজ মোল্লা (৩২) ও কামাল হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ফয়েজ মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জানা গেছে, ফয়েজ মোল্লা শংকরপুর গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির সামনে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকায় রেফার করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ফয়েজ মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। এছাড়া স্থানীয়ভাবে তার অবস্থান দলের একটি অংশের নেতাকর্মীরা মেনে নিতে পারছিল না বলেও অভিযোগ রয়েছে।
অপরদিকে, কামাল হোসেনকে পারিবারিক শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে আহত করে। তিনি ছোটজীবনগর গ্রামের আব্দুর রবের ছেলে। বর্তমানে তিনি চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।