
ফিরোজ, স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি ফিলিং স্টেশনের নামে আনা প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল অবৈধভাবে অন্যত্র বিক্রির চেষ্টার অভিযোগে পাম্প ম্যানেজারসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিষা রানী কর্মকার অভিযান চালিয়ে রুমি ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের ম্যানেজার এসএম বাবুল হোসেন (৫০) এবং ডিজেল ডিলার মামুন প্রধান (৪২)কে আটক করে থানায় সোপর্দ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই’র সহায়তায় অভিযান পরিচালিত হয়। এ সময় জ্বালানি পরিবহনে ব্যবহৃত একটি লরি জব্দ করা হয়।
অভিযোগে জানা যায়, মেঘনা ডিপো থেকে আনা সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ও ৯ হাজার লিটার ডিজেল স্টেশনে না নামিয়ে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পরে তদন্তে ঘটনার সত্যতা পেয়ে ইউএনও সংশ্লিষ্টদের আটক করেন।
ইউএনও জানান, জব্দকৃত পেট্রোল নিলামের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। একই সঙ্গে লরিটি জব্দের প্রক্রিয়াও চলছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।