নোয়াখালীর বেগমগঞ্জে খালের ওপর অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ, জরিমানা
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || আমার সকাল ২৪।
বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে খাল দখল করে নির্মাণাধীন অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন।
অভিযানের সময় ছয়ানী–রাজগঞ্জ খাল দখল করে নির্মাণাধীন একটি পাকা ভবন সরকারি সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়। একই সঙ্গে দখলকারীকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া খোলা স্থানে পায়খানা ব্যবহার করে রাস্তার পাশে দুর্গন্ধ সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে আরও একটি মামলায় ১,০০০ টাকা জরিমানা করা হয়। ফলে মোট ২টি মামলায় ৬,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে খাল দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।