
মোঃ বিল্লাল হোসেন
ক্রাইম রিপোর্টার | আমার সকাল ২৪
যশোরের কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের ভেরচী গ্রামের ঘোষপাড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। সোমবার (৬ এপ্রিল) পরিচালিত এ অভিযানে দুই ব্যক্তিকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঘোষপাড়ার অপু ঘোষকে ২ লাখ টাকা এবং একই গ্রামের গোবিন্দ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দীর্ঘদিন ধরে তারা জেলি, ওয়েল ও বিভিন্ন মেডিসিন ব্যবহার করে কৃত্রিম দুধ তৈরি করে বাজারজাত করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম—জেলি, ওয়েল, মেডিসিনসহ অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। তিনি জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল দুধ তৈরির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।