
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে বুধবার রাত আনুমানিক ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে একটি মুদি দোকান ও একটি মেকারের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে। দায়িত্বরত নৈশপ্রহরীরা চিৎকার করলে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। আত্রাই ফায়ার সার্ভিসের একটি ইউনিটও দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী পল্টু শাহা জানান, দোকানটি ছিল তার পরিবারের একমাত্র অবলম্বন। এতে সাদা ও কালো এলাচ, জিরা, বিড়ি, কয়েল, সয়াবিন তেল ও সিগারেটসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। মেকার শহিদ জানান, তার দোকানের যন্ত্রপাতি, ফ্যান, রাইস কুকার, বৈদ্যুতিক তার ও গ্যাস সিলিন্ডারসহ প্রায় ১ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বান্দাইখাড়া বাজার বণিক সমিতির সভাপতি আসলাম হোসেন সজল বলেন, গভীর রাতে আগুন লাগায় ব্যবসায়ীরা কিছু বুঝে ওঠার আগেই বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে স্থানীয় ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অন্য দোকানগুলো বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত আর্থিক সহায়তা দেয়ার জন্য দাবি জানান।
আত্রাই ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত সাপেক্ষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত হবে।