
মো. শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দীর্ঘদিনের গ্রাম্য বিরোধের অবসান ঘটেছে সালিসি বৈঠকের মাধ্যমে। উপজেলার চার গ্রামের মধ্যে চলমান সংঘর্ষ ও উত্তেজনার মীমাংসা করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
মঙ্গলবার বিকেলে হামিরদী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সালিস বৈঠকে এ সমঝোতা হয়। হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়ার সভাপতিত্বে আয়োজিত বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে আর কোনো ধরনের সংঘর্ষে জড়াবে না বলে অঙ্গীকার করে।
সালিসের সিদ্ধান্ত অনুযায়ী, সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র—ঢাল, সড়কি, রামদা ও চাইনিজ কুড়াল—স্বেচ্ছায় জমা দেন সংশ্লিষ্টরা। পরে উপস্থিত জনতার সামনে অর্ধশতাধিক ঢাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অস্ত্র পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
বৈঠকে সাবেক মেম্বার বাবর আলী ও সাধু গ্রুপের সদস্যরা সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিরোধ মীমাংসার ঘোষণা দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত চার গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই শতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষের সময় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে এবং এক পুলিশ সদস্যও আহত হন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।