
উথোয়াই খৈ রাখাইন, স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা উদ্ধারসহ একই পরিবারের ছয়জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) দিবাগত রাতে পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে হারেজা বেগম (৪৩), তার স্বামী আব্দুর রহিম (৪৮) এবং পরিবারের আরও সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি পূর্বের মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চালাতে গিয়ে প্রথমে হারেজা বেগমকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের আরও চার সদস্যকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
অভিযানের সময় হিলভিউ এলাকার বিভিন্ন বাসায় তল্লাশি চালিয়ে ধাপে ধাপে মোট ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি পরিবহন রিসিট, মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা এবং পরিবহনে ব্যবহৃত ১৫টি হটবক্স উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।