
উথোয়াই খৈ রাখাইন, স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):
চট্টগ্রামে র্যাব-৭ এর অভিযানে ‘গলাকাটা বাচা’ নামে পরিচিত এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির আসল নাম সাদ্দাম হোসেন (৩৭)।
র্যাব সূত্র জানায়, শুক্রবার (৩ এপ্রিল) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
র্যাব-৭ এর তথ্য অনুযায়ী, সাদ্দাম হোসেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী এবং তার সংগঠনের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, অস্ত্রবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও ভূমি দখলসহ অন্তত সাতটি মামলা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ‘গলাকাটা বাচা’ দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
র্যাব-৭ জানায়, গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং চট্টগ্রাম অঞ্চলে অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।