
জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্যাসিনো খেলার জন্য পরিবারের কাছ থেকে টাকা না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজিমুল ইসলাম (২৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা গেছেন।
নিহত আজিমুল ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের কৃষক ও অটোচালক ফজলুল হকের ছেলে। তিনি গত বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আজিমুল বাড়িতে এসে বাবার কাছে ক্যাসিনো খেলার জন্য টাকা দাবি করেন। আর্থিক অসচ্ছলতার কারণে বাবা তা দিতে না পারায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার মা দ্রুত রশি কেটে উদ্ধার করেন। প্রথমে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা খারাপ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সোহেল বলেন, “একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া অত্যন্ত মর্মান্তিক। শুনেছি, ক্যাসিনো খেলার কারণে পরিবারের অনেক টাকা নষ্ট হয়েছে।”
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ হাসান নাঈম জানিয়েছেন, থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আত্মহত্যার পেছনে মূল কারণ ছিল ক্যাসিনো খেলা ও পরিবারের কাছ থেকে টাকা না পাওয়া।