
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে—জিরা, মেহেদী, বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী, শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুসকা, পটকা, বাজি এবং বিভিন্ন ধরনের ওষুধ।
জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকা। পিকআপসহ মোট জব্দ মালামালের মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা।
আটককৃত চোরাচালানি পণ্য যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস অফিসে জমা করা হবে বলে জানান তিনি।
বিজিবি কর্মকর্তা আরও বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়েছে।