চৌমুহনীতে প্রাইভেট হাসপাতাল-ক্লিনিকে অভিযান, ৩টিতে জরিমানা
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোতে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাওসারী আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। এ সময় সিভিল সার্জন, নোয়াখালী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহযোগিতা ছিল।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা দেওয়ার দায়ে ড্রিম হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিবন্ধন ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় চিকিৎসক না রাখার অপরাধে হলি কেয়ার হাসপাতালকে ১ লক্ষ টাকা এবং ইডেন হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, নিবন্ধন সম্পন্ন না হওয়া পর্যন্ত ইডেন হাসপাতালের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।