
উথোয়াই খৈ রাখাইন, স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৩০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত জলিল গেইট সংলগ্ন একটি গুদাম ও তেলের দোকানে অভিযান চালায়। অভিযানে প্রায় ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযানে তেল সংরক্ষণের কাজে ব্যবহৃত একাধিক ট্যাংকার ও ড্রামও জব্দ করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুত করে আসছিল। ‘পোড়া তেলের ব্যবসা’র আড়ালে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে পরবর্তীতে অধিক মূল্যে বিক্রির পরিকল্পনা ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
অভিযানের সময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা আগেই ঘটনাস্থল ত্যাগ করে।
তবে এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে প্রশাসন।