
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের ধাক্কায় সুবল চন্দ্র দাস (৫৫) নামে একজন লন্ড্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টা পর্যন্ত নিহতের লাশ আখাউড়া থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিও থানায় জব্দ করা হয়েছে।
নিহত সুবল চন্দ্র দাস পৌর এলাকার দুর্গাপুর এলাকার বাসিন্দা এবং হিরালাল চন্দ্র দাসের ছেলে। পৌরশহরের সড়ক বাজার এলাকায় তার লন্ড্রি দোকান ছিল।
পরিবারের তথ্য অনুযায়ী, রবিবার রাত আড়াইটার দিকে তিনি ঢাকা থেকে ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান। এরপর অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। খড়মপুর বাইপাস এলাকার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, জানান নিহতের ভাই বিমল দাস।
দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ট্রাকের নম্বর ঢাকা মেট্রো-ট ১৮-৩৮০১। তবে চালক পালিয়ে গেছে।