মাইজদীতে তেলের জন্য দীর্ঘ লাইন, উত্তেজনা—পুলিশ মোতায়েন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালীর জেলা সদর মাইজদী শহরের মেইন রোডে অবস্থিত হক ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ব্যাপক ভিড় ও উত্তেজনার সৃষ্টি হয়।
সন্ধ্যা প্রায় ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় আধা কিলোমিটারজুড়ে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। পেট্রোল পাওয়ার আশায় শত শত মোটরসাইকেল চালক লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। অনেকে আবার বোতল নিয়েও তেল সংগ্রহ করতে আসেন।
পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতি মোটরসাইকেলে সর্বোচ্চ ২০০ টাকার বেশি তেল সরবরাহ করা হচ্ছে না। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে কিছু গ্রাহকের সঙ্গে পাম্প কর্মচারীদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। দীর্ঘ সময় অপেক্ষার পর অনেকেই বিরক্ত হয়ে ফিরে গেলেও, অনেকে তেলের আশায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে অবস্থান করতে দেখা গেছে।