
জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা:
রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মোছাঃ রীনা বেগম (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ গোরান হাওয়াই গলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার হেফাজত থেকে মাদক বিক্রয়ের নগদ ৩২,০৫০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রীনা বেগম স্বীকার করেছে, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ডিএমপির মাদক বিরোধী অভিযান চলবে বলে সিটিটিসি জানিয়েছে।