
স্টাফ রিপোর্টার, বান্দরবান: সুকেল তঞ্চঙ্গ্যা
১৮ মার্চ (বুধবার) বিকালে বান্দরবান পৌরসভার ৮ নং ওয়ার্ড হাফেজঘোনা এলাকায় বিএনপি নেতা ও সমাজসেবক মোঃ সাইদুল আলম সাঈদ এর উদ্যোগে এবং পৌরসভার সহযোগিতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা ৩০০নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি। এছাড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ, সাশৈপ্রু মার্মা, নেজাম চৌধুরী, জেলা বিএনপির সদস্য আবু বক্কর, নেতা নজরুল ইসলাম এবং স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। দেশের কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রয়াস। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় ৮নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে চাওয়া হচ্ছে।
উপহার হিসেবে প্রতি জনকে শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়। পৌরসভার পক্ষ থেকে ৬৫ পিস এবং মোঃ সাইদুল আলম সাঈদ এর ব্যক্তিগত পক্ষ থেকে ৪৩৫ পিস ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।