
নোয়াখালী সংবাদদাতা: মোঃ আরিফ হোসেন
পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নোয়াখালী জেলায় নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১, সিপিসি-৩। ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং ঈদকেন্দ্রিক কেনাকাটায় নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ৩টায় চৌমুহনী পৌরসভা বাস টার্মিনালে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি অবগত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর সেরনিয়াবাত।
তিনি জানান, নোয়াখালীর বিভিন্ন এলাকায় নিয়মিত টহল চলছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ নজরদারি রাখা হয়েছে, যাতে ঈদযাত্রায় কোনো ভোগান্তি না হয়। বর্তমানে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক এবং হাইওয়েতে যান চলাচল নির্বিঘ্ন রয়েছে।
তিনি আরও বলেন, “ঈদকে সামনে রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক। যেকোনো ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও খুনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে র্যাবের কার্যক্রম চলমান। সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জানান।”