
সাইফুল ইসলাম রাজু, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতু সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের জন্য বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। মঙ্গলবার সকালেই নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান ফিতা কেটে এই সার্ভিসের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, পরিচালক এ কে এম আরিফ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনের পর অতিথিরা ঘাট এলাকা পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী রাজিব আহসান সাংবাদিকদের জানান, শিমুলিয়া ঘাট থেকে বরিশাল রুটে লঞ্চ চলাচল পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে, যা ঈদ পর্যন্ত চলবে। যদিও কার্যক্রমটি আপাতত পরীক্ষামূলক, তবে ঘাটটির অবকাঠামোগত প্রস্তুতি স্থায়ীভাবে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এটিকে স্থায়ী রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সদরঘাটের ওপর চাপ কমবে এবং সংশ্লিষ্ট সড়কগুলোর যানজটও হ্রাস পাবে। ৩০০ ফিট সড়কের সংযোগস্থলে ঘাটটির অবস্থান হওয়ায় যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে। ফলে নারায়ণগঞ্জ, গাজীপুর, উত্তরা ও নরসিংদীসহ আশপাশের বড় জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে।
যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তি এড়াতে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলেও জানান প্রতিমন্ত্রী।